
‘এসো পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান জেলা শহরে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিকেল সাড়ে ৩টায় শহরের ট্রাফিক মোড় এবং হাফেজঘোনা বাস-স্টেশন এলাকা থেকে শুরু হওয়া অভিযানে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এ কার্যক্রমে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য।
সাচিং প্রু জেরী এমপি সাংবাদিকদের বলেন, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে শহরের চারপাশকে পরিষ্কার রাখা সম্ভব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে এবং সামাজিক উদ্যোগে এগিয়ে আসতে হবে।