
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার সংলগ্ন ১নং পাথরঘাটা মাঠ প্রাঙ্গণে কাফেলায়ে দারুস সালামের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ অনুসরণ ও মানবতার শিক্ষা গ্রহণের অন্যতম শ্রেষ্ঠ উপলক্ষ। তাঁর দেখানো পথে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মো. হোসেন, আগামী সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মো. শাহরিয়ার আদনান ফাহিম, কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মো. নুরুল কবির সুমন এবং বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা মো. ইমতিয়াজ সিদ্দিক আসাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মো. নুরুল আল-আমিন। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।