
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এ দুর্দান্ত নৈপুণ্য ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনালে উত্তীর্ণ হওয়ায় রামু উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের সম্মানে বিশেষ ব্লেজার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফজলে রাব্বানী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম ম্যানেজার ও প্রধান পৃষ্ঠপোষক রুহুল আমিন রকি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, রামু উপজেলা ফুটবল দলের সাফল্য পুরো রামুবাসীর গর্ব। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হলেও অপরাজিত দল হিসেবে রামু সম্মান বয়ে এনেছে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে সম্মানসূচক ব্লেজার তুলে দেন। পরে অতিথি ও খেলোয়াড়দের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।