মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমগাছে উঠে অনলাইন হাজিরা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয়টি দেশব্যাপী আলোচনায় আসে। তবে ওই ঘটনার পর এবার বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ে আগাম ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের গত ১৫ জুন নেটওয়ার্ক সংকটের কারণে বিদ্যালয়ের পাশের একটি আমগাছে উঠে অনলাইন হাজিরা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুর্গম পাহাড়ি অঞ্চলের নেটওয়ার্ক সমস্যার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই প্রধান শিক্ষকের দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তবে স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও অধিকাংশ দিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়।
অভিযোগের সত্যতা যাচাই করতে প্রতিবেদক দুপুর ১টার দিকে বিদ্যালয়ে গিয়ে সেটি বন্ধ অবস্থায় দেখতে পান। সে সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষার্থী বা পাঠদান কার্যক্রমের উপস্থিতি দেখা যায়নি। বিদ্যালয় বন্ধ থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় অভিভাবকদের দাবি, নিয়মিত ও পূর্ণ সময় পাঠদান নিশ্চিত না হলে শিক্ষার্থীদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বিদ্যালয়ের উপস্থিতি, পাঠদানের সময়সূচি এবং সার্বিক শিক্ষা কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
দুর্গম এলাকায় নেটওয়ার্ক সংকটের কারণে আমগাছে উঠে অনলাইন হাজিরা দেওয়ার ঘটনা যেমন অবকাঠামোগত সীমাবদ্ধতার বাস্তব চিত্র তুলে ধরেছে, তেমনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com