মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির গুইমারায় অসুস্থ এক কলেজছাত্রীর চিকিৎসায় মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা কলেজছাত্রী মেথেনি চাকমার চিকিৎসার দায়িত্ব গ্রহণের পাশাপাশি তাঁকে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত থাকা মেথেনি চাকমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছিল না।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট গুইমারা রিজিয়নের নজরে এলে সেনাবাহিনী প্রয়োজনীয় উদ্যোগ নেয়। পরে গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া ক্যাম্প থেকে তাঁর চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে মেথেনি চাকমাকে চট্টগ্রামে নেওয়ার জন্য একটি সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পাশাপাশি চিকিৎসার প্রাথমিক ব্যয় নির্বাহে তাঁকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মেথেনি চাকমা ও তাঁর পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, সংকটের সময়ে এ সহায়তা চিকিৎসা কার্যক্রম শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্যাঞ্চলে জনকল্যাণ, মানবিক সহায়তা এবং প্রয়োজনের সময়ে সাধারণ মানুষের পাশে থাকার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com