মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে নিয়ম না মেনে রোগীদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা ও নামের আগে ডাক্তার লিখায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালত কতৃক এ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।
জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন, রাজন চক্রবর্তী, বাদল চক্রবর্তী ও শংকর দেবনাথ। তাদের মধ্যে বাদল চক্রবর্তী ও রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা করে এবং শংকর দেবনাথকে ৫ হাজার টাকা। এসময় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যক্তিকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই তিন ব্যক্তি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছে চিকিৎসা ও প্রেসক্রাইব করার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারেননি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) দ্বীন আল জান্নাত বলেন, আইন ও বিধি না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং এর অপব্যবহারের অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবার নামে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কতৃক ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com