মোঃ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘খেলায় শক্তি, খেলাই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আমতলী সুপার কাপ (এএসসি) ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৫-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে রামছিরা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে বর্নাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মাটিরাঙ্গার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির মধ্যেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামছিরা দল দুই গোল করে। বিপরীতে বর্নাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দল একটি গোল করতে সক্ষম হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকা নগদ পুরস্কারের চেক ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতাকারীদেরও পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রয়াত শেখ রাসেলের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা শেখ রুবেল। তিনি ও তাঁর ছোট ভাই প্রয়াত শেখ রাসেল ছাত্রজীবনে ফুটবল খেলতেন। পরবর্তী সময়ে শেখ রাসেল বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মারা যান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ রুবেল টুর্নামেন্টটির আয়োজন করেন। আয়োজকদের দাবি, টুর্নামেন্টের ব্যয় বহনের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে ৫ শতাধিক গেঞ্জি ও জার্সি শেখ রাসেলের নামে বিতরণ করা হয়েছে।
টুর্নামেন্টটি আয়োজন করেন আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিল মিয়া রাইটার ও সাধারণ সম্পাদক ডা. আবদুল হালিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন, যুবদলের মোহাম্মদ শেখ রুবেল এবং আমতলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মনির হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়ানাল সরকার, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিল মিয়া রাইটার, ইঞ্জিনিয়ার সোলেমান বাদশা সোহেল, আমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবদুল হালিম ও দপ্তর সম্পাদক হাবিবুল হক রানা (আয়ুব)।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com