ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ঈদগাঁওয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে (কেজি স্কুল) এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুব রেড ক্রিসেন্টের টিম লিডার ও সাংবাদিক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান বক্তা ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, মশার বংশ বিস্তার রোধ এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজনন স্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিজেদের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান।
সচেতনতামূলক এ কর্মসূচিতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুবপ্রধান রিয়াদ মোর্শেদ খালেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com