ঈদগাঁও প্রতিনিধি।।
মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন বহু পরিবার। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটের কারণে সামান্য বৃষ্টিতেই ঈদগাঁওয়ের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানি ও ঈদগাঁও খালের পানি একত্রিত হয়ে অনেক এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ঈদগাঁও বঙ্কিম বাজারসংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা সড়ক, উত্তর মাইজপাড়া এলাকার হিন্দুপাড়া ও লাইল্যার পাড়া সড়ক এবং ঈদগাঁও বাজারের পুরোনো হাসপাতাল সড়কসহ কয়েকটি এলাকায় পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর মাইজপাড়া (খোনকার পাড়া) এলাকার অনেক পরিবার গত ১০ থেকে ১২ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। কিছু বাড়ির বসতভিটায় পানি ঢুকে পড়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে ঈদগাঁও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক সওদাগর বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তার বাড়িসংলগ্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের সহায়তায় ঈদগাঁওয়ে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় বিএনপি। শনিবার দুপুরে উত্তর মাইজপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
ত্রাণ বিতরণকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুচ শুকুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দুই শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে জনপ্রতি পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক, জালালাবাদ এলাকার হিন্দুপাড়া বেড়িবাঁধ ও স্লুইস গেটের পরিস্থিতি পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com