ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য ২৪ লাখ ২৬ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। রোববার (২ আগস্ট) দুপুরে সংস্থাটির ঈদগাঁও শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংস্থার তথ্য অনুযায়ী, ঈদগাঁও শাখার মোট ২,৪২৬ জন বন্যাদুর্গত সদস্যকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২৪ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যরা পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন। আগামী ১১ আগস্ট পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা কক্সবাজার জেলার সহকারী এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং সমাজকল্যাণ সম্পাদক আলা উদ্দিন।
আবুল কালাম তাঁর বক্তব্যে বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশা কর্তৃপক্ষের এ উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি তিনি সদস্যদের সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন শাখা ব্যবস্থাপক নিধন কুমার দাশ, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আরিফুল হক এবং শিক্ষা সুপারভাইজার শোয়াইব মাহমুদ জামান।
শিবু দাশ গুপ্ত জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের দুর্ভোগ লাঘবে এ নগদ সহায়তা দেওয়া হচ্ছে এবং আগামী ১১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আশা কর্তৃপক্ষ জানায়, ১৯৯৬ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ঈদগাঁও শাখাটি শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, ত্রাণ ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক বন্যার প্রেক্ষাপটে সংস্থাটি ক্ষতিগ্রস্ত সদস্যদের ঋণের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিত করেছে। পাশাপাশি সদস্যদের নিজস্ব সঞ্চয় থেকে অর্থ উত্তোলনের সুযোগও দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com