ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া ও হিন্দুপাড়ার পানিবন্দি প্রায় ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল মুড়ি, চিড়া, দুধ, লাচ্ছা সেমাই ও চিনি।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি সাগর, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুদ্দিন, আসাদুল্লাহ আরিফসহ স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে উপজেলার মেহেরঘোনা এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান (হাবিব) এর পরিবারকে দেখতে যান লায়েক ইবনে ফাজেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে জালালাবাদ ইউনিয়নের মাছুয়াপাড়ায় কোমরসম পানিতে প্লাবিত হয়ে পড়া শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল কবির রাকিব, নির্বাহী সদস্য জসমি উদ্দীন, জাফর আলমসহ অন্যান্য স্বেচ্ছাসেবক অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com