কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহিন আরাফাত সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার (১২ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ জানায়, শাহিন আরাফাত সিকদারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছিলেন বলেও অভিযোগ পুলিশের।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবলীগ নেতাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্ববর্তী অভিযোগগুলোও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের অপরাধবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে, একই থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে নারীসহ আরও ছয়জনকে নানা অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com