ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ২৫ জুলাই দিন ব্যাপী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদগাঁও ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এদিন ভূমিহীন /বর্গা চাষী ও বড় কৃষক মিলে প্রায় দেড়শ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। ২৬ ও ২৮ জুলাই আংশিকভাবে এ কার্যক্রম আবারো অনুষ্ঠিত হবে ১ নম্বর ওয়ার্ডে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে জানান উপ-সহকারী এ কৃষি কর্মকর্তা। এ কৃষি কর্মকর্তা আরো জানান, ঈদগাঁও ইউনিয়নে সাড়ে ১৪ শত কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।
তথ্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) আব্দুল্লাহ আল নোমান, আবেদা নাসরিন তন্নী, বিপন বড়ুয়া, শাহেদ কায়ছার এবং আনোয়ারুল আজিম।
এদিকে আগামী ৪ আগস্ট তথ্য সংগ্রহের এ কার্যক্রম শেষ হবে বলে জানান ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া। তিনি এ পর্যন্ত প্রায় ৭ শতাধিক কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
কৃষি কার্ডের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ:
কৃষি কার্ডধারীরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনা পেয়ে থাকবেন। উল্লেখযোগ্য হলো: সার, বীজ ও কৃষিজ যন্ত্রপাতি প্রাপ্তি, কৃষি ঋণ সুবিধা ও কৃষি বীমা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও নার্সারি বা সেচ সুবিধা, কৃষিপণ্য বিক্রয় সুবিধা ও রোগ-বালাই দমনে পরামর্শ প্রাপ্তি, কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা, কৃষি ক্ষেত্রে সরকারি ভর্তুকি এবং ন্যায্য মূল্যে সার প্রাপ্তি। সর্বোপরি এ কার্ড কৃষকদের জন্য সরকারি স্বীকৃতি হিসেবে গণ্য হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com