কাপ্তাই প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। বুধবার (২৬ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এ বৃষ্টিস্নাত দিনে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট , গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
বুধবার( ২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন। বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি'র সঞ্চালনায় এবং বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন।
ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আঞ্চলিক উপ কমিশনার ( নৌ অঞ্চল) এবং উপাধ্যক্ষ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এম জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com