আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মশালায় কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মোট ৩৩৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা (৫ শতাংশ অতিরিক্তসহ) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ছিলেন ২৩ জন প্রিজাইডিং অফিসার, ১০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২০৮ জন পোলিং অফিসার।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, নির্বাচনী আইন ও বিধিবিধান, ভোটকেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং ইভিএম/ব্যালট ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। তিনি বলেন,
“একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।”
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আবদুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৯টি, যার মধ্যে ৮৯টি স্থায়ী ও ১০টি অস্থায়ী। এ উপজেলায় পোস্টাল ভোটসহ মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫১৮ জন।
প্রশিক্ষণ শেষে ভোটগ্রহণের কারিগরি দিক ও ইভিএম/ব্যালট সংক্রান্ত বিভিন্ন জটিলতা বিষয়ে কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা। সভায় জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com