দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ২০২৫ু২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় গুইমারা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে জালিয়াপাড়াস্থ সহকারী কৃষি অফিসারের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মদ উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।
কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৩০০ জন শ্রমিকের মধ্যে ১,৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাঝে আরও ৮০০টি বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের প্রত্যেককে ১০০ টাকা সমমূল্যের জৈব সার এবং গাছ রোপণ ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় খুঁটি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com