খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে ও জনপদে রোপণ করা গাছের কয়েকটি এখন ফুলে সুশোভিত হয়ে উঠেছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিবেশ ও সৌন্দর্যে কিছুটা পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শুক্রবার সকালে জেলার বিভিন্ন এলাকায় সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের ভাষ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিডি ক্লিন খাগড়াছড়ির সদস্যরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি আগে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের উদ্যোগে বিভিন্ন সময়ে রোপণ করা কিছু গাছ বর্তমানে বড় হয়ে ফুল দিয়েছে। এসব গাছ সড়কের পাশে ও আশপাশের এলাকায় সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।
কর্মসূচিতে সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি শাহেদুল হোসেন সুমন সহযোগিতা ও উৎসাহ দেন। এ ছাড়া বাপ্পি মজুমদার, মো. রফিক, মো. মেহেদীসহ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত কয়েকজন এতে অংশ নেন।
আয়োজকেরা জানান, বৃক্ষরোপণকে এককালীন কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচর্যার মাধ্যমে দীর্ঘমেয়াদি সবুজায়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিডি ক্লিন খাগড়াছড়ির সদস্যরা বলেন, পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যা কার্যক্রমও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com