স্টাফ রিপোর্টার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলার নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাগড়াছড়িতে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোর্তোজা আলী খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে বছরব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় বক্তারা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের অবদানকে আরও সমৃদ্ধ করতে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com