দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও নতুন প্রজন্মের মধ্যে ভাষা শিক্ষার প্রসারে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে "চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবু২০২৬" এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বীর শহিদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করতে শিখিয়েছে। পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী বসবাস করলেও এসব মাতৃভাষা প্রাতিষ্ঠানিকভাবে শেখার সুযোগ সীমিত। ভাষার বর্ণমালা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা না হলে একসময় এসব ভাষা বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে। সেই উপলব্ধি থেকেই ভাষা শিক্ষা ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্ম নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ ও বিকশিত করতে পারে এবং মাতৃভাষাগুলো যুগের পর যুগ টিকে থাকে।

তিনি আরও বলেন, মাতৃভাষা একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। ভাষার সংরক্ষণ ও বিকাশের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সুসংহতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক, পিএইচডি, এইসি, খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্নেল আমিনুর রহমান পিএসসি এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য মো. রাশেদুল হক।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভাষা শিক্ষা ক্লাবের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার বর্ণমালা, শব্দভাণ্ডার, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এ উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com