নিজস্ব প্রতিবেদক।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতের সমস্যা, অনিয়ম, দুর্নীতি এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।
সোমবার (৩১ আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদ এ সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, নতুন পরিষদকে কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলার সব জনগণের জন্য কাজ করার লক্ষ্য রয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ক্ষেত্রে জেলার বিভিন্ন সমস্যা ও বাস্তব পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি পরিষদের কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার স্বাস্থ্যসেবার নানা সীমাবদ্ধতা, শিক্ষা খাতের সমস্যা, কৃষির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে পরিষদের কার্যক্রমে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত দেন তারা।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, সদস্য মো. নুরুল আবছার ও মোশাররফ হোসেন বক্তব্য দেন।
এ ছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুসহ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনায় জেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং প্রশাসন, জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com