গুইমারা প্রতিনিধি।।
গুইমারা উপজেলাে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আম, পেয়ারা, কলা ও মরিচসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০০টি চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এক কৃষক।
ভুক্তভোগী মো. মকিমের অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই ২০২৬ তারিখ দিবাগত রাতে তার প্রায় এক একর জমিতে রোপণ করা এসব চারা গাছ কেটে ফেলা হয়। তিনি স্থানীয় দুই ব্যক্তি—বনি আমিন ও চাইহলাও মারমার বিরুদ্ধে এ ঘটনার অভিযোগ করেছেন।
মো. মকিম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও ২০২৫ সালে একই জমি থেকে প্রায় ৫০০টি আমগাছ কেটে ফেলার ঘটনা ঘটে, যা নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও দাবি করেন, একাধিকবার সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সমঝোতা সম্ভব হয়নি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি ব্যাংক ও বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে বাগানটি গড়ে তুলেছিলেন। কিন্তু রাতের আঁধারে গাছ কেটে ফেলার ঘটনায় তার বিনিয়োগ ও শ্রমের বড় ধরনের ক্ষতি হয়েছে।
এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এলাকায় চলমান উত্তেজনা কমে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com