দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পেইনে এলাকার প্রায় ২০০ জন পাহাড়ি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ (আরএমও)-এর নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বাতব্যথা, এলার্জি ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। সাধারণ অসুস্থতা নিয়ে আসা রোগীদেরও গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, পিএসসি, জি। এ সময় স্থানীয় কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার উপস্থিত সুবিধাভোগী, সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দলমত নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাসের আহ্বান জানান। একই সঙ্গে সবার সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা নাক্রাইপাড়া ত্রি-মোড়ে একটি সৌরবিদ্যুতের বাতি স্থাপন, নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ এবং বিদ্যালয়ের জন্য একটি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানান।
স্থানীয় জনগণের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয় সুবিধাভোগীরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের চিকিৎসাসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com