নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা গুইমারা আবাসিক ছাত্রাবাস ও গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম এবং আবাসিক ছাত্রাবাসে অবস্থানরত শিশুদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় তিনি আবাসিক ছাত্রাবাসের শিশুদের থাকার স্থান, ডাইনিং ব্যবস্থা ও কিচেন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপস্থিত শিক্ষকবৃন্দের উদ্দেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকরা সম্মিলিতভাবে কাজ করলে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত, আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এ সময় গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আবাসিক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোঃ আনোয়ার হোসেন চেয়ারম্যানকে জানান যে, আবাসিক ছাত্রাবাসে বাউন্ডারি ওয়াল না থাকায় সেখানে অবস্থানরত শিশুরা নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে রয়েছে।
বিষয়টি শুনে জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সদস্যবৃন্দ আবাসিক ছাত্রাবাসের প্রস্তাবিত বাউন্ডারি ওয়ালের স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় চেয়ারম্যান আবাসিক ছাত্রাবাসের শিশুদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার, মোশাররফ হোসেন, এড. আব্দুল মালেক মিন্টু, রিপল চাকমা, রুমেল মারমা, তাছলিমা সিরাজ সীমা, কুহেলী দেওয়ান, শান্তি প্রিয় চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, নারায়ণ ত্রিপুরা, সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com