নিজস্ব প্রতিবেদক।।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন সময়ে অশুভ শক্তি ও চক্রান্তকারীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্টের চেষ্টা করেছে। তবে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থেকে এসব প্রচেষ্টা মোকাবিলা করেছে। ভবিষ্যতেও দেশের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিজভী বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের উপাসনালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার পৃথক তিনটি ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালনা করছে। নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিজ নিজ সম্প্রদায়ের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনে দেশের সব ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এ সময় পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি, সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওযান এমপি, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাধবী মারমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেযারম্যান ম্রাসাথোযাই মারমা সহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের নেতারা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com