বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর উদ্যোগে তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটির সংস্কার ও রংকরণ সম্পন্ন হয়েছে।
আজ ০৯ আগস্ট ২০২৬ তারিখে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই নবসজ্জিত শহিদ মিনারটি উদ্বোধন করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ০২ আগস্ট ২০২৬ তারিখে মারিশ্যা জোনের জোন কমান্ডার তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারটি জরাজীর্ণ অবস্থায় দেখে তিনি তা দ্রুত সংস্কার ও রংকরণের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সেই নির্দেশনার আলোকে, গত কয়েক দিনে মারিশ্যা জোনের ব্যবস্থাপনায় এবং বিজিবি সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে শহিদ মিনারটির প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এরপর পুরো মিনারটি নতুন করে রংকরণ করা হয়, যার ফলে এটি একটি সুন্দর ও আকর্ষণীয় রূপ ধারণ করেছে। এই সংস্কার কাজের ফলে শহিদ মিনারটির সৌন্দর্য এবং এর ঐতিহাসিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
শহিদ মিনার সংস্কারের বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, "শহিদ মিনার আমাদের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনন্য স্মারক। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।" তিনি আরও যোগ করেন, "আমরা আশা করি, এই সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি’র পক্ষ থেকে সবসময়ই অব্যাহত থাকবে।"
তুলাবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মহৎ উদ্যোগের জন্য বিজিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করেন, নবসজ্জিত এই শহিদ মিনার শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক চেতনাকে আরও উজ্জীবিত করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com