বশির আহমেদ, বান্দরবান।।
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন সময় পার করছে। তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দীন, চনু মং মার্মা, মা সেতু তংসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকানগুলোর মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। তারা পুনর্বাসন ও ব্যবসা পুনরায় চালুর জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com