মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেছে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয়ের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে এ সম্প্রচারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তানজিল পারভেজ। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খিশা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ তানজিল পারভেজ বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে।
সরাসরি সম্প্রচারে দেশের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন শিক্ষা উন্নয়ন কার্যক্রমও তুলে ধরা হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অনুষ্ঠানটি গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে উৎসাহিত করে। মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com