মো. শহিদুল ইসলাম শহীদ, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ৩ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান রিজিয়নের আওতাধীন ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে দুর্গম বাকলাইপাড়া ও প্রাতাপাড়া এলাকায় স্থানীয় জনগণের জন্য পুকুর প্রস্তুতকরণ এবং মাছ চাষ কার্যক্রম শুরু করা হয়েছে।
এ সময় স্থানীয় জনগণের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে পুকুরে রুই, সরপুঁটি, তেলাপিয়া ও নাইলোটিকা প্রজাতির পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি মাছ চাষের সফলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় মাছের খাদ্য (ফিড) ও চাষাবাদের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পাইনোয়ামপাড়া গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সোলার প্যানেল ও ব্যাটারি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে দুর্গম ওই এলাকায় সৌরবিদ্যুতের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণ, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com