আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের হাতির ডেরা এলাকায় সোমবার (২২ জুন) সন্ধ্যায় গয়াল আনতে গিয়ে একটি মানব কঙ্কাল দেখতে পান কয়েকজন শ্রমিক। তারা ডিভাইন রাবার গার্ডেনের গয়াল দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ঘটনাস্থলটি বাইশারী বাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে, ২৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার একটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত।
পরে শ্রমিকরা বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানায় জানালে মঙ্গলবার (২৩ জুন) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নির্দেশে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাত্য চাকমার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘ পথ অতিক্রম করে গহীন পাহাড়ি এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন হাড়গোড় ও মাথার খুলি ছাড়াও একটি ব্যাগ, কিছু ওষুধ, তারকাটা, একটি লুঙ্গি এবং একটি চাদর উদ্ধার করা হয়েছে। এসব আলামত পর্যালোচনা করে কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কঙ্কালটি কতদিন আগের, তা নির্ধারণে বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন হতে পারে।”
স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্গম ও জনবিচ্ছিন্ন এলাকায় দীর্ঘ সময় পড়ে থাকার কারণেই মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি কোনো অপরাধমূলক ঘটনার ফল—তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এদিকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার হওয়া আলামত এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com