নানিয়ারচর প্রতিনিধি:
'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ নানিয়ারচর জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ কর্মসূচীটি আয়োজিত হয়।
দিনব্যাপী চলমান এই ক্যাম্পেইনে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেবা দিতে চক্ষু, গাইনীসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও বিতরণ করা হয়।
অনুষ্ঠান চলাকালীন নানিয়ারচর জোনের অধিনায়ক লে.কর্নেল মশিউর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো ক্যাম্পেইনটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই চক্ষু শিবির ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com