হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী বসতবাড়িগুলো ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
শনিবার (১১ জুলাই) ভোররাতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। অনেক এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে এবং যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চলের বসতবাড়ির পাশাপাশি কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। খালের তীরবর্তী জমিতে আবাদ করা মৌসুমি শাক-সবজি ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই খালের তীব্র স্রোতের কারণে নদীতীরবর্তী বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও অনেক পরিবার এখনো নিজ বাড়িতে অবস্থান করছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, ভারী বর্ষণ শুরু হওয়ার পর থেকেই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তবে অনেক বাসিন্দার মধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com