খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলে শিক্ষা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোনের উদ্যোগে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
এ সময় তিনি বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বলেন, শিক্ষার্থীদের জন্য এ উপহার তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। তাদের মতে, এসব উদ্যোগ সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ক ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com