হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উৎসবমুখর ও আনন্দঘন করার লক্ষ্যে অসহায় ও গরিব মানুষের মাঝে নতুন পোশাক উপহার দিয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম চুশাকপাড়ায় স্থানীয় অসহায় ও গরিব নারী-পুরুষের হাতে এসব নতুন পোশাক তুলে দেওয়া হয়।
পোশাক বিতরণকালে বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলার শিক্ষা, ক্রীড়া এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবের আনন্দ ভাগ করে নিতে তিনি এই মানবিক উদ্যোগ নিয়েছেন। তাঁর এই মহৎ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নতুন পোশাক উপহার পেয়ে হ্লাসিংমং মারমা নামের এক স্থানীয় বাসিন্দা আবেগপ্লুত হয়ে বলেন, আমাদের প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে যে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে, তা আমরা সবসময় মনে রাখব। আমরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির সর্বাঙ্গীণ সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ছাত্রদল নেতা আব্দুল মোবারক ও রিমন হোসেন। এছাড়া স্থানীয় পাড়ার কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com