বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু এবং নবনিযুক্ত সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদকে সংবর্ধনা জানাতে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজনের ব্যবস্থা করা হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকা থেকে দলীয় পতাকা ও ব্যানারসহ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উপজেলা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সমাবেশে রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু বলেন, "বাঘাইছড়ির নেতাকর্মীদের এই ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। রাঙামাটি জেলা পরিষদকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে।" এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ নতুন জেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে তৃণমূলের আশা-আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, "নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে। বাঘাইছড়িসহ জেলার প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাব।"
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com