বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের চূড়ায় গাছে ওঠে অনলাইনে হাজিরা দিলেন এক শিক্ষক। সোমবার বিকেল থেকে এমন ছবি সামাজিক ছড়িয়ে পড়ে। তিনি বাঘাইছড়ির সীমান্তবর্তী পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে হাজিরার নির্দেশনা দিয়েছে সরকার। সকাল ৯টার মধ্যে স্কুলে হাজির হয়ে শিক্ষকদের হাজিরা খাতা অনলাইনে (হোয়াটসেপে) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠাতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পাঠাবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে। এভাবে পর্যায়ক্রমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিদিনের তথ্য পৌঁছাবে।
সোমবার (১৫ জুন) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। এদিন অনলাইনে শিক্ষকদের হাজিরা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের চূড়ায় গাছের উপরে ওঠতে হয়েছে এক শিক্ষককে।
তবে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে জেলার ৭০৮টি স্কুলের মধ্যে প্রথমদিন (সোমবার) ৫৩৮টি স্কুলের শিক্ষক হাজিরা পাওয়া গেছে। বাকি ১৭০টি স্কুল মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় শিক্ষক হাজিরা পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের বলেন, অনলাইনে শিক্ষক হাজিরা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমার স্কুলটি পাহাড় থেকে প্রায় ৩-৪শত ফুট নিচে অবস্থিত। সকালে স্কুলে এসে হাজিরা খাতার ছবি তুলে পাঠানোর জন্য ছাদে উঠলাম। কিন্তু সেখানে নেট নেই। এরপর আবারো ৩-৪শত ফুট পাহাড়ের চূড়ায় ওঠে কোথাও নেট পাচ্ছিলাম না। অবশেষে আম গাছের ডালে ওঠে কোনমতে নেট পেয়েছিলাম। আর সেখান থেকে অনেক কষ্টে টিও স্যারের (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের) হোয়াটসেপে হাজিরা খাতার ছবিটা পাঠালাম।’ চাকরি বাচাতে ঝুকি নিয়েই গাছে ওঠা। চাকরি না থাকলে আমার ঘরের চারটি পেঠ কেমনে চলবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, বাঘাইছড়ি উপজেলায় ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে ৮৮টি স্কুলের অনলাইন হাজিরা পেয়েছি। ২৮ টি স্কুলের ৮৩ জন শিক্ষকের অনলাইন হাজিরা পাইনি।
অনলাইন হাজিরা নিয়ে জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নজির আহমদ তালুকদার বলেন, অনলাইন হাজিরা সমতলের শিক্ষকরা যত সহজে পারবেন। পাহাড়ে তা অনেক কঠিন ব্যাপার।কারণ রাঙামাটি জেলার এমন অনেক জায়গা আছে, যেখানে এখনো মোবাইল নেটওয়ার্কতো দুরের, বিদ্যুৎও পৌঁছায়নি। প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিলাম, রাঙামাটি সদরের অনেক জায়গায়ও এখনো ঠিকমত নেট পাওয়া যায়না। তাই পাহাড়ের বিষয়টি বিশেষ বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) কফিল উদ্দিন বলেন, আপাতত নির্দেশনা হলো হোয়াটসেপ গ্রুপের মাধ্যমে তথ্য কালেক্ট করা। যেগুলো নেটওয়ার্কের আওতায় আছে সেগুলোর তথ্য দিচ্ছি। যেগুলো মোবাইল এসএমএসে সম্ভব সেগুলো কালেক্ট করছি। বাকিগুলোর তালিকা পাঠাবো ঢাকায়। ওখানকার নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com