বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১০৮ দশমিক ৯৩ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএসের নেতৃত্বে একটি টহল দল পশ্চিম লাইলাঘোনা এগত্তর ক্লাব এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০৮ দশমিক ৯৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। পরে কাঠগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। অবৈধ কাঠ পাচারসহ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com