হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়াতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকালে চন্দ্রঘোনা থানার উদ্যোগে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের যাত্রী ছাউনি চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালী বের করা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের যাত্রী ছাউনি চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদক বিরোধী সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাকের আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
মাদক বিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আবু হোরায়রা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com