হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
আসন্ন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে বাবলু মিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। ২০০১ সালে তিনি রাজস্থলী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালেও একই দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সালে রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে টানা দুই মেয়াদে তিনি ওই পদে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বাবলু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর দাবি, বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাঁকে একাধিকবার কারাবরণ ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। তাঁর পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান তিনি।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার বিষয়ে বাবলু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বাঙ্গালহালিয়ার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নটিকে আধুনিক ও বৈষম্যহীনভাবে গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে দলের দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে মূল্যায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, বাবলু মিয়া দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে তাঁর ভূমিকা ছিল বলে দাবি করেন তাঁরা। তবে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিএনপির দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষে বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত হলে নির্বাচনী মাঠে এর প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com