পার্বত্য জেলা বান্দরবানে ঐতিহ্যবাহী গঙ্গাপূজা ও বারুণী স্নান উপলক্ষে সাঙ্গু নদীর তীরে ভক্ত-পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। চৌধুরী মার্কেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সমবেত হন।
মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে সোমবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় আর্শীবাদ সংঘ। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রী শ্রী গঙ্গা মায়ের বোধন, মহানাম যজ্ঞ, বারুণী পূজা ও স্নান, ভোগারতি, সন্ধ্যারতি, গঙ্গা আরতি, প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ।
আয়োজকরা জানান, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান অত্যন্ত পুণ্যদায়ক। এ উপলক্ষে প্রতিবছরই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা সাঙ্গু নদীতে স্নান করে পূজা অর্চনায় অংশ নেন।
আর্শীবাদ সংঘের সভাপতি দয়াল চৌধুরী বলেন, প্রতি বছর এ তিথিতে গঙ্গা মায়ের পূজা ও বারুণী স্নানের আয়োজন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও অংশগ্রহণ করেন।
আগামী বুধবার সকাল ৮টায় পুষ্পাঞ্জলি শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com