বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে নির্মাণাধীন একটি ঝুঁকিপূর্ণ ছয়তলা ভবনে আশ্রয় নেওয়া ১৪০ জন বন্যাদুর্গতকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে শহরের ওয়াদ্দা ব্রিজ এলাকার নির্মাণাধীন ভবনটি থেকে তাদের বাসস্টেশন-সংলগ্ন ওয়ার্ল্ড ভিশন পরিচালিত আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। স্থানান্তরিত ব্যক্তিদের অধিকাংশই আর্মিপাড়া ও শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা।
জেলা প্রশাসন জানায়, সাংগু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যাদুর্গতরা নির্মাণাধীন ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। তবে ভবনটিতে দেয়াল, রেলিং, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি জানার পর জেলা প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে রাত ১১টার মধ্যে সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।
পরে মধ্যরাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আশ্রয় নেওয়া বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক আশ্বস্ত করেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে বন্যাদুর্গতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সজীব কান্তি রুদ্র, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com