বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন বরাদ্দ থেকে প্রাপ্ত খাদ্যশস্যের আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই জানান, বন্যাদুর্গত মানুষের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জেলা পরিষদের অনুকূলে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এসব চাল দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
জেলা পরিষদ সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে থাকা পরিবারের তালিকা পরিষদের সদস্য, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
জেলা পরিষদের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি—এই সাতটি উপজেলায় পর্যায়ক্রমে খাদ্যসহায়তা বিতরণ করা হবে। জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বন্যার শুরু থেকেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এবার চাল বিতরণের মাধ্যমে বন্যাকবলিত পরিবারের জন্য বৃহত্তর পরিসরে খাদ্যসহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com