বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির উদ্বোধন করেন অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মনজুরুল হক, মো. নাছির উদ্দিন এবং অং চ মং। এ ছাড়া জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ ইকবালসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠাগার উদ্বোধন উপলক্ষে এর সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগার বান্দরবানের শিক্ষার্থী ও তরুণদের জন্য জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র তৈরি করবে। এর মাধ্যমে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী পাঠক নতুন নতুন বই পড়ার সুযোগ পাবেন এবং পাঠাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত হবেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, একটি সমৃদ্ধ পাঠাগার কেবল বই পড়ার সুযোগই সৃষ্টি করে না, বরং সমাজে জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, পাঠাগারটিকে ভবিষ্যতে একটি আধুনিক জ্ঞানকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সেখানে বই পাঠের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে। পাঠাগারের কার্যক্রম আরও সমৃদ্ধ ও সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com