সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, প্রভাষক অমৃত চাকমা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানি বড়ুয়া, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং রাজগুরু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজলা তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, কবিতা ও সাংস্কৃতিক চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকেরা জানান।
এদিকে, অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। তিনি অনুপস্থিত কর্মকর্তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা কী কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com