বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
দুই মাসের বেতন-ভাতা না পাওয়ার প্রতিবাদে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কক্ষে তালা দিয়েছেন সদর হাসপাতালের একদল কর্মচারী। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই দিন বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সিভিল সার্জন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, সকালে তাঁরা নিজ নিজ কক্ষে কাজ করার সময় শুভাষ দাশের নেতৃত্বে সদর হাসপাতালের একদল কর্মচারী কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। এ সময় কয়েকজন নারী কর্মচারী তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
আন্দোলনের নেতৃত্বদানকারী শুভাষ দাশ বলেন, গত দুই মাস ধরে তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি। কয়েক দিন পর তাঁদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ অবস্থায় বেতন ও বোনাস না পেলে পরিবার নিয়ে উৎসব উদযাপন করা কঠিন হয়ে পড়বে। সোমবারের মধ্যে সব কর্মচারীর বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক দিলীপ কুমার দেবনাথ বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাপ্তরিক জটিলতার কারণে কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com