শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) মহালছড়ি জোনের তত্ত্বাবধানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় প্রতিরোধ এবং পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মহালছড়ি জোনের উদ্যোগে প্রায় ২ লাখ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।
"সুন্দর-সুশৃঙ্খল ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে" এই কর্মসূচির প্রথম পর্যায়ে মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিমপাড়ার মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি।
একই দিনে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়, লেমুৃছড়ি শান্তিপুর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
পর্যায়ক্রমে মহালছড়ি জোনের আওতাধীন পাঁচটি ইউনিয়নের ১৭টি পাড়ায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৫০০টি চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ যে চারা রোপণ করা হচ্ছে, তা ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই চারাগুলো লাগিয়ে পরিচর্যা করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com