পবিত্র মাহে রমজান উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন মোঃ নাহিদ মুরাদ, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির আহম্মেদ, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা ডা. স্বপন চক্রবর্তী।
মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রেসক্লাবের সভাপতি দীপক সেন সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। তিনি বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাহফিলের মাধ্যমে সাংবাদিক, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে।
দীর্ঘদিন সাংবাদিকতায় অবদানের জন্য প্রেসক্লাবের সভাপতি দীপক সেনকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি মোঃ আবু রায়হান সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে তাদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এর পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com