মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক।
প্রতিযোগিতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আমতলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিবা মুস্তারিন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়।
পরে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু জাহের, সদস্য মো. আব্দুল হামিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com