মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪৩৩ বঙ্গাব্দের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি স্বপন কান্তি পাল এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা হেডম্যান।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২০২৬, মাটিরাঙ্গার সদস্য সচিব সমীর চন্দ্র বণিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বাবুল আইচ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগানিপাড়ার গীতা প্রশিক্ষক নয়ন দাশ।
বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবকল্যাণের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল কাজল মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শোভাযাত্রা ও অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com