মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা পেয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, তৈকাতাং, আটবাড়ি, রেংখুম পাড়া, নারায়ণপাড়া ও রাবার বাগান এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টার পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। দুর্গম যোগাযোগব্যবস্থা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়া কঠিন হয়ে পড়ে।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁদের মধ্যে ছিলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা সিএমএইচের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রাফিউল। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, জোনের সীমান্তবর্তী ও দুর্গম এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মৌলিক চিকিৎসাসেবা পেতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পেরে মাটিরাঙ্গা জোন পরিবার গর্বিত।
স্থানীয় বাসিন্দা মিলনকান্তি ত্রিপুরা বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। জরুরি অবস্থায় রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিতে হয়। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় স্থানীয়রা স্বস্তি পেয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম পাহাড়ি জনপদের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com