মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা:
খাগড়াছড়ির ঐতিহ্যবাহী মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আসন্ন আলিম পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের দিকে মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে মাদ্রাসার আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. হানিফুর রহমান এবং ইংরেজি প্রভাষক মো. হোসেন আক্তার মারুফসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষার হলের নিয়মকানুন, সময়ের সঠিক ব্যবহার এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহ বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বলেন, "শিক্ষা, শৃঙ্খলা ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে নিজেদের আদর্শ, সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের হাল ধরবে। মাদ্রাসার অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।"
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বিগত দিনগুলোর স্মৃতি চারণ করেন এবং শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। বিদায়ী শিক্ষার্থীরা আবেগপ্লুত কণ্ঠে বলেন, "মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র নয়, বরং জীবনের মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।"
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি আবেগঘন মানপত্র পাঠ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী পরীক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, সুস্থতা এবং পরীক্ষায় আশানুরূপ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। পরিশেষে, এক অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত দোয়া মাহফিলে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com